পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের প্রজন্ম’র উদ্যোগে ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গাড়িটানা এলাকার দারুল ইসলাহ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল কাদের ও ওবায়দুল কাদের, প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি মাঈন উদ্দিন জামীল, শিক্ষক ফিরোজ হাসান চৌধুরী টিটু, আরাফাত মুঈন আরাভী ও মাওলানা মুহাম্মদ ইউসুফসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।
আয়োজকরা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আজকের প্রজন্ম’ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে এবার ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে। রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান আয়োজকরা।



