চট্টগ্রামের ফটিকছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের শফিকুল নুর মওলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
জাফতনগর জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, মাস্টার রঞ্জিত ভট্টাচার্য, কামরুল হায়দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিনউদ্দিন মেসি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, মাস্টার বাবলা কুমার দে ও সাজেদুল করিম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করেন। সমবেত কণ্ঠে গান পরিবেশনের সময় পুরো হলরুমে প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়।
নজরুলের জাগরণ ও দুর্বার অগ্রযাত্রার আহ্বানকে ধারণ করে পরিবেশিত গানটি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
Call



