চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় প্রায় ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার মেডিকেল সড়কের মাথা থেকে ঝংকার পর্যন্ত সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাই মাসে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মেডিকেল সড়কের মাথা থেকে কিছুটা সামনে সড়কের পাশের গাইডওয়াল নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা মাহফুজ বলেন, ‘মেডিকেল সড়কের মতো গুরুত্বপূর্ণ এই সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে সেটি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এই সড়ক দিয়ে প্রতিদিন বড় বড় যানবাহন চলাচল করে।’ কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প তদারকি প্রকৌশলী আরিফ বলেন, ‘বিষয়টি নিয়ে পৌরসভা থেকে আমাদের ফোন করা হয়েছে। নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।’
নাজিরহাট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী উম্মে সালমা বলেন, ‘বিষয়টি জানার পর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ব্যবহৃত ইটগুলোও সরিয়ে নিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।’
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক রহমত উল্লাহ্ বলেন, ‘বিষয়টি জেনেছি। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের ইটগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’



