এআইয়ের ছোঁয়ায় ফিরছে আশির দশক, পুরোনো ছবিতে নতুন নস্টালজিয়া

ডেক্স নিউজ

ফ্যাশন বদলেছে, প্রযুক্তি বদলেছে। বদলে গেছে ছবি তোলার ধরনও। কিন্তু পুরোনো দিনের প্রতি মানুষের টান যেন কমেনি। সেই নস্টালজিয়াকেই এবার নতুনভাবে ফিরিয়ে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ১৯৮০-এর দশকের আদলে ছবি তৈরির নতুন ট্রেন্ড। নিজের বর্তমান ছবিকে এআইয়ের মাধ্যমে রূপান্তর করে অনেকেই ফিরে যাচ্ছেন চার দশক আগের সময়ে।

চুলের ধরন, পোশাক, মেকআপ, আলোকসজ্জা থেকে শুরু করে ছবির পেছনের পরিবেশ—সবকিছুতেই ফুটিয়ে তোলা হচ্ছে আশির দশকের আবহ। পুরোনো স্টুডিও পোর্ট্রেটের আদল, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, ফিল্ম ক্যামেরার দানা এবং সে সময়ের জনপ্রিয় ফ্যাশন মিলিয়ে তৈরি হচ্ছে রেট্রো লুক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন তারকাও এমন ছবি শেয়ার করছেন।

এআই দিয়ে নিজের ছবিকে অন্য সময় বা দশকের চেহারায় রূপান্তরের প্রবণতা অবশ্য নতুন নয়। প্রযুক্তির সহজলভ্যতার সঙ্গে ষাট, সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের ফ্যাশন ও পরিবেশে ছবি তৈরির প্রবণতা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে আশির দশকের লুক বিশেষভাবে নজর কেড়েছে।

এই ট্রেন্ডে শুধু পুরোনো পোশাক বা চুলের স্টাইলই নয়, ছবির পুরো ভিজ্যুয়াল আবহকেই বদলে দেওয়া হচ্ছে। ফলে আধুনিক সময়ে তোলা একটি ছবি দেখে মনে হচ্ছে, সেটি যেন কয়েক দশক আগে কোনো স্টুডিওতে তোলা হয়েছিল।

যেভাবে বানাবেন আশির দশকের ছবি–

এ ধরনের ছবি তৈরি করতে প্রথমে এআই-ভিত্তিক ছবি সম্পাদনা বা ছবি তৈরির কোনো টুলে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিলেই এআই ছবিটিকে আশির দশকের আদলে রূপান্তর করতে পারে।

নির্দেশনায় লেখা যেতে পারে–

ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করুন। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ দিন। পেছনে রাখুন পুরোনো স্টুডিওর আবহ। ছবিতে ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া ও বাস্তবসম্মত ত্বকের টেক্সচার যোগ করুন। ছবিটি যেন ভিনটেজ ফিল্টার দেওয়া আধুনিক ছবি না হয়ে সত্যিই ১৯৮০-এর দশকে তোলা একটি ছবি মনে হয়। কোনো লেখা, ওয়াটারমার্ক বা আধুনিক উপাদান রাখবেন না।

সঠিক নির্দেশনা ও ভালো মানের ছবি ব্যবহার করলে এআইয়ের মাধ্যমে কয়েক সেকেন্ডেই তৈরি করা সম্ভব আশির দশকের সেই চেনা-অচেনা লুক। ফলে প্রযুক্তির হাত ধরেই নতুন প্রজন্মের কাছে ফিরে আসছে পুরোনো দিনের ফ্যাশন, ছবি আর স্মৃতির এক টুকরো আবহ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?