চট্টগ্রামের ফটিকছড়ির সুজানগর চা-বাগানে অভিযান চালিয়ে ৯৮ ঘনফুট কাঠ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারীখিল রেঞ্জ।
রবিবার(১৩ সেপ্টেম্বর) সকালে চা-বাগানের ৬ নম্বর ব্লক থেকে এসব কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানায়, হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে হাজারীখিল বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বন বিভাগের বন প্রহরীরা অংশ নেন। অভিযানে মোট ৮৩টি কাঠের টুকরা জব্দ করা হয়েছে। এর মধ্যে ২৯টি সেগুনের গোল কাঠ এবং ৫৪টি আকাশমনি কাঠ। জব্দ করা কাঠের পরিমাণ ৯৮ ঘনফুট। এর মধ্যে সেগুন কাঠ ২৬ ঘনফুট এবং আকাশমনি কাঠ ৭২ ঘনফুট। তবে, কাঠগুলো কীভাবে সেখানে পৌঁছেছে বা কারা এগুলো সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান বলেন, অভিযানে জব্দ করা কাঠ বন বিভাগের হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। জব্দ করা কাঠের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



