চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার(১৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বদ্ধোগেড়ামারা এলাকায় এ অভিযান চালানো হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয়। সকাল ছয়টার দিকে টহলদল ভারত থেকে তিনজনকে ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে। বিজিবির সদস্যদের দেখতে পেয়ে ওই তিনজন গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবির হিসাবে, জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ টাকা।



