নবসৃষ্ট ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩ঙ-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এর আগে গত ১ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নবসৃষ্ট এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও উপজেলা পরিষদের কার্যক্রম সচল রাখার অংশ হিসেবে ইউএনওকে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।



