ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন

অভিযানে ড্রেজার বিকল, পাইপ বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক

অভিযানে নেতৃত্ব এসি(ল্যান্ড) রহমত উল্ল্যাহ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার বিকল করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাদ্দামের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়। এ ছাড়া প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ফটিকছড়িতে বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এর আগেও প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযান সত্ত্বেও বিভিন্ন এলাকায় আবারও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?