প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) খুলশী, চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব মোক্তার হোসেন টিটু ও বাংলাদেশ বেতারের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন।
চট্টগ্রামের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুমিনুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন জাফর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের শিক্ষক এম সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি উপসহকারী কর্মকর্তা রাহুল দাশ মিথুন, ইউপি সদস্য রমজান আলী ও মো. শাহজাহান প্রমুখ।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশীয় ফলজ গাছের চাষ সম্প্রসারণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।



