একসময় ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’- আজানের ধ্বনীতেই ঘুম ভাঙত গ্রামের মানুষের। ভোরের আলো ফোটার আগেই মসজিদের মিনার থেকে ভেসে আসত তাঁর সুমধুর কণ্ঠ। সেই ডাকে কেউ ছুটতেন মসজিদে, কেউ প্রস্তুতি নিতেন দিনের কাজের। এভাবেই কেটে গেছে চার দশক। একই মসজিদে, একই দায়িত্বে, প্রতিদিন মানুষকে নামাজের আহ্বান জানিয়েছেন ৭০ বছর বয়সী আলহাজ্ব আবুল কালাম মিয়াজী।
অবশেষে দায়িত্ব থেকে অবসর নিলেন তিনি। তবে তাঁর বিদায়টা ছিল একেবারেই অন্য রকম। যে মানুষটি ৪০ বছর ধরে মানুষকে মসজিদে আসার আহ্বান জানিয়েছেন, বিদায়ের দিন সেই মানুষটিকেই ভালোবাসা আর সম্মানে বাড়ি পৌঁছে দিলেন গ্রামের মানুষ।

ফুলের পাপড়িতে সাজানো প্রাইভেট কার। মাথায় পাগড়ি, শরীরে আতরের সুবাস। চারপাশে প্রিয় মানুষদের ভিড়। এমন আয়োজন দেখে আবেগ ধরে রাখতে পারেননি মুয়াজ্জিন আবুল কালাম মিয়াজী। বিদায়ের মুহূর্তে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর এই মসজিদে দায়িত্ব পালন করেছি। কখনো ভাবিনি বিদায়বেলায় মানুষ আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন। সবার এমন ভালোবাসায় আমি সত্যিই আবেগাপ্লুত। দায়িত্ব পালনকালে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সবার কাছে দোয়া চাই।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ঘটে এই আবেগঘন ঘটনা। পূর্ব ফটিকছড়ি আশার আলো একতা সংঘের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও গ্রামবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় সম্মাননা স্মারক ও লক্ষাধিক টাকা হাদিয়া। এরপর ফুলে সাজানো গাড়িতে করে তাঁকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। একজন মুয়াজ্জিনের প্রতি গ্রামবাসীর এমন ভালোবাসা ও সম্মান এলাকায় তৈরি করে আবেগঘন পরিবেশ।
একটি কণ্ঠ, চার দশকের স্মৃতি’

একজন মুয়াজ্জিনের দায়িত্ব প্রতিদিনের। নির্দিষ্ট সময়ে আজান দেওয়া, মানুষকে নামাজের আহ্বান জানানো। ছুটির দিন নেই, উৎসবের বিরতি নেই। বছরের পর বছর একই নিষ্ঠায় পালন করতে হয় এই দায়িত্ব। আবুল কালাম মিয়াজীও সেই দায়িত্ব পালন করেছেন টানা ৪০ বছর। তাঁর কণ্ঠের আজান শুনে কত মানুষের সকাল শুরু হয়েছে, কত প্রজন্ম বড় হয়েছে- তার হিসাব হয়তো কারও কাছে নেই। কিন্তু এলাকার মানুষের কাছে তিনি শুধু একজন মুয়াজ্জিন নন; তিনি দীর্ঘদিনের পরিচিত এক মুখ, এক কণ্ঠ, এক স্মৃতি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইসলাম মাস্টার বলেন, আবুল কালাম মিয়াজী টানা ৪০ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কণ্ঠের আজানের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। দায়িত্ব শেষ হলেও তিনি আমাদের হৃদয়ে থাকবেন।
বিদায় নয়, ভালোবাসার স্বীকৃতি

বিদায়ের মুহূর্তে আবুল কালাম মিয়াজীর চোখের জল যেন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। চার দশক যাঁদের নামাজের জন্য প্রতিদিন আহ্বান জানিয়েছেন, দীর্ঘ পথচলার শেষে তাঁদের কাছ থেকেই বিদায় নিতে গিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এ বিদায় কেবল দায়িত্বের সমাপ্তি নয়, বরং দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও সেবার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য স্বীকৃতি।
আশার আলো একতা সংঘের সভাপতি মুহাম্মদ ইউনুচ বলেন, একজন মানুষ ৪০ বছর ধরে নীরবে একটি মসজিদের সেবা করে গেছেন, এটি নিঃসন্দেহে অনেক বড় অবদান। তাঁর দীর্ঘদিনের এই সেবাকে সম্মান জানাতেই আমরা ব্যতিক্রমী বিদায়ের আয়োজন করেছি। আমরা চাই, নতুন প্রজন্মও এমন উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে প্রবীণ ও সম্মানিত মানুষদের যথাযথ মর্যাদা দিতে এগিয়ে আসুক।



