বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী;

একজন প্রগতিশীল শিক্ষাবিদের মৃত্যুর ২৫ বছর

শরীফ শামসির

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী। ২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ থাকাকালে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার নিজ বাসায় তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো।

অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাজিরহাট কলেজকে নকলমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কলেজের আবাসিক পরিবেশকে শিক্ষার্থীদের পাঠোপযোগী করে তোলেন। ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। শিক্ষকদের জবাবদিহি ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করেন। সর্বশেষ কলেজের জমি উদ্ধার করে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগও নিয়েছিলেন। শিক্ষা পরিবেশের উন্নয়নে তিনি ছিলেন অকুতোভয়, দৃঢ়চেতা ও নিবেদিতপ্রাণ।

তাঁর এসব সংস্কারমূলক উদ্যোগ কলেজের একটি স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন করে তোলে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে শিক্ষকদের নিয়মশৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার উদ্যোগকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষক তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তাঁদের পরিকল্পনা ও ইন্ধনে সশস্ত্র কিলিং স্কোয়াড তাঁকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে।

২০০১ সালের ১৬ নভেম্বর ভোরে, যখন চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে, তখন চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার বাসার সামনে এসে হত্যাকারীরা তাঁর স্ত্রী উমা মুহুরীকে জিজ্ঞেস করে, ‘স্যার কি বাসায় আছেন?’ উত্তরে তিনি জানান, হ্যাঁ। এরপর তারা বাসায় ঢুকে সোফায় বসে থাকা অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর মাথায় ৫৬ রাইফেল ঠেকিয়ে গুলি করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় ঘরের সোফা। সেখানেই নিথর হয়ে পড়ে থাকে একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল শিক্ষাবিদের মরদেহ।

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলা বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি। এ মামলার আসামিদের মধ্যে কয়েকজন বন্দুকযুদ্ধে নিহত হন। অভিযুক্ত দুই শিক্ষক বিচার চলাকালে মারা যান। যাঁদের প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে তাঁদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

জন্ম, শিক্ষা ও কর্মজীবন

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর জন্ম ১৯৪১ সালের ১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি গ্রামে। তাঁর পিতা রাজচন্দ্র মুহুরী এবং মাতা মুক্তাকেশী মুহুরী। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

১৯৫৬ সালে রোসাংগিরি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৫৯ সালে নাজিরহাট কলেজ থেকে এইচএসসি এবং ১৯৬২ সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.কম সম্পন্ন করেন। একই বছর নাজিরহাট কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশমাতৃকার মুক্তির সংগ্রামে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

১৯৭৪ সালে বাংলাদেশ রেলওয়ের অডিট শাখায় কর্মরত উমা মুহুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শিক্ষা বিস্তারে তাঁর অবদানও ছিল উল্লেখযোগ্য। তিনি নিজ গ্রামে রোসাংগিরি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

প্রগতিশীল রাজনৈতিক দর্শন ও আদর্শ

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। কমরেড দেবেন শিকদারের নেতৃত্বাধীন বাংলার কমিউনিস্ট পার্টির মাধ্যমে মার্কসবাদী রাজনৈতিক দর্শনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা গড়ে ওঠে। পরবর্তী সময়ে অধ্যক্ষ হিসেবে শিক্ষা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেই নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নির্ভীক, আদর্শবাদী ও স্পষ্টভাষী একজন শিক্ষাবিদ। অন্যায়ের সঙ্গে আপস না করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নে তাঁর দৃঢ় অবস্থানই তাঁকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছিল।

তাঁর হত্যাকাণ্ডকে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের পরিণতি হিসেবে দেখলে হয়তো পুরো প্রেক্ষাপট উপলব্ধি করা যাবে না। তাঁর প্রগতিশীল চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা প্রতিষ্ঠার সাহসী উদ্যোগও এ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনায় গুরুত্বপূর্ণ।

একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল একজন শিক্ষককে, একজন শিক্ষাসংস্কারককে, একজন প্রগতিশীল মানুষকে। কিন্তু তাঁর আদর্শ, সাহস ও শিক্ষার প্রতি দায়বদ্ধতাকে কি হত্যা করা সম্ভব হয়েছে?

আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে গেছে। কিন্তু একজন আদর্শবান শিক্ষাবিদের হত্যার স্মৃতি আজও আমাদের ব্যথিত করে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শকে ধারণ করাই হতে পারে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

লেখক 

বিএড কলেজের শিক্ষক ও কলাম লেখক।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?