জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষকদের অধিকার নিশ্চিত, জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ ও কৃষিপণ্য প্রদর্শনী হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেশব্যাপী ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহ’-এর অংশ হিসেবে জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), ক্লিন (CLEAN), প্রাণ (PRAAN), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (KHANI) ও বিডব্লিউজিইডি (BWGED) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এফইডি খাগড়াছড়ির সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মূল ধারণাপত্র উপস্থাপন করেন এফইডির সাধারণ সম্পাদক ও নারী হেডম্যান ইখিন চৌধুরী।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা ও কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনিবালা ত্রিপুরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে দেশের প্রান্তিক কৃষকদের। পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ঢালু জমি এবং ঐতিহ্যবাহী জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ের কৃষক পরিবারগুলো খাদ্যনিরাপত্তা ও জীবিকার সংকটে পড়ছে।
সমাবেশ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে শর্তহীন অনুদানভিত্তিক করা, ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (FRLD) এবং অভিযোজন তহবিলে পার্বত্য অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য পৃথক বরাদ্দ নিশ্চিত করা এবং জুম কৃষিকে আইনি ও নীতিগত স্বীকৃতি দিয়ে জুমচাষিদের পুনর্বাসন ও কৃষি উপকরণ সরবরাহ করা।
জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নারী চাষি ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করেন।



