প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষের সাশ্রয়ী, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল উচ্চবিত্তদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা নয়, বরং সাধারণ মানুষ যেন স্বল্প খরচে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন এ সার্ভিস চালুর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
রেলওয়ে খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দীর্ঘ ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি চরম অবিচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় পুরো ব্যবস্থাটি ভঙ্গুর হয়ে পড়েছিল। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের জঞ্জাল সরিয়ে রেলওয়েকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। তবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বর্তমান সরকারের স্বল্প সময়ের প্রচেষ্টায় রেলওয়েতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
নতুন ট্রেন সার্ভিসের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা বর্তমানে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চালুর ফলে উত্তর চট্টগ্রামের শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এ রেল যোগাযোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, যাত্রীদের কর্মব্যস্ততা ও সময়ের চাহিদা বিবেচনায় ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর ফলে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সময়সূচি ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও দ্রুতই সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন চালু হওয়া ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ রয়েছে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। প্রতিটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। এছাড়া এসএলআর কোচে রয়েছে ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য মোট ৩৩৪টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি-পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।



