চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রাতের আঁধারে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার পাইন্দং ইউনিয়নের তাজুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করে। এ সময় যানবাহনে আগুন দেওয়া ও লুটপাটের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সৃষ্টিকারীদের ধাওয়া করে। একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।



