কঠিন চীবরদান অনুষ্ঠানে সরোয়ার আলমগীর এমপি

ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সরোয়ার আলমগীর এমপি

ফ্যাসিবাদী ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির আব্দুল্লাহপুরের শকামুণি বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফেরার দিনই বলেছেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- আমরা সবাই মিলে বাংলাদেশ।’ তাঁর ছিল স্লোগান- ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অথচ পলাতক ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফটিকছড়ির উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, উপজেলার প্রতিটি খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। আজ এই বৌদ্ধ বিহারেও অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব বৌদ্ধ বিহার উন্নয়নের আওতায় আনা হবে।

ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আব্দুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু।

বসাগর বড়ুয়া ও টিপন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাসেম মেম্বার, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, জসিম মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?