ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা লুকানো ছিল সিলিংয়ে, গ্রেপ্তার ৭

ডেক্স নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে শনিবার রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে জাবেদের বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে জাবেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল তিন হাজার টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?