এক মাস কাজ করার আশায় সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছিলেন রফিকুল ইসলাম (৪৭)। পরিকল্পনা ছিল, ধান কেটে যে টাকা আয় হবে, তা দিয়ে দুই থেকে তিন মাস পরিবারের খরচ চলবে। কিন্তু ফটিকছড়িতে এসে মাত্র চার দিন কাজ করার পরই বাধে বিপত্তি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বন্ধ হয়ে যায় ধান কাটা। এরপর পাঁচ দিন ধরে কাজহীন বসে আছেন তিনি।
রফিকুলের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। প্রতিবছর আমন ধান রোপণ ও কাটার মৌসুমে কাজের খোঁজে ফটিকছড়িতে আসেন তিনি। প্রায় ১০ বছর ধরে এভাবে আসা-যাওয়া করছেন। এবারও গত ১২ নভেম্বর এসেছিলেন ফটিকছড়ির হরিণাদিঘী এলাকায়।
ধান কাটার কাজে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা মজুরি পান রফিকুল। কাজ বন্ধ থাকায় গত পাঁচ দিনে প্রায় চার হাজার টাকা আয় করতে পারেননি বলে জানান তিনি। কাজ না থাকায় কখনো এদিক-সেদিক ঘুরে সময় কাটান, কখনো বসে থাকেন কাজের মালিকের বাড়িতে। যে কৃষকের জমির ধান কাটতে এসেছেন, সেই জমির পাকা ধান পানিতে পড়ে থাকতে দেখে তাঁর মন আরও খারাপ হয়। নিজের আয় বন্ধ হওয়ার পাশাপাশি মালিকের ফসলের ক্ষতিও তাঁকে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতিকে ভাগ্যের পরিণতি হিসেবে মেনে নেওয়া ছাড়া আপাতত আর কিছু করার নেই তাঁর।

রফিকুল একা নন। ফটিকছড়ির হরিণাদিঘী এলাকায় তাঁর মতো অন্তত ৪০ জন শ্রমিক কাজের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অধিকাংশের বাড়ি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায়। তবে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকার চিত্র শুধু হরিণাদিঘীতে সীমাবদ্ধ নয়। শ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ বন্ধ থাকায় শত শত মৌসুমি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
এক মাসের আয়েই চলে কয়েক মাসের সংসার

এসব শ্রমিকের কাছে ধান কাটার মৌসুম শুধু কয়েক দিনের কাজ নয়, পরিবারের কয়েক মাসের ভরণপোষণের ভরসা। সাধারণত তাঁরা এক মাসের মতো কাজ করে ২০ থেকে ২২ হাজার টাকা আয় করেন। সেই টাকা দিয়ে পরবর্তী দুই থেকে তিন মাস পরিবারের খরচ চালান। ফলে মৌসুমের মাঝপথে কয়েক দিনের কাজ বন্ধ থাকাও তাঁদের আয়ে বড় প্রভাব ফেলে। বৃষ্টি দীর্ঘায়িত হলে কাজের সময় আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
ফটিকছড়ির কৃষকেরা ধান রোপণ ও কাটার মৌসুমে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে আসা শ্রমিকদের ওপর নির্ভর করেন। প্রতিবছর মৌসুম এলেই এসব জেলা থেকে শ্রমিকেরা দল বেঁধে ফটিকছড়িতে আসেন। কেউ কৃষকের বাড়িতে থেকে কাজ করেন, কেউ ঘর ভাড়া নিয়ে থাকেন। রফিকুলের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন তাঁর কাজের মালিক। আবহাওয়া স্বাভাবিক হলে আবার মাঠে নামার আশায় রয়েছেন তিনি ও তাঁর সহকর্মীরা।
পানিতে পড়ে আছে পাকা ধান

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া বিল ঘুরে দেখা যায়, জমিতে পাকা আমন ধান পানিতে পড়ে আছে। অনেক জমির ধান এখনো কাটা হয়নি। স্থানীয়দের ধারণা, বিলটিতে প্রায় ৩০০ একর জমির ধান কাটার অপেক্ষায় রয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ধান পানিতে পড়ে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়বে বলে মনে করছেন তাঁরা।
একদিকে মাঠে কৃষকের পাকা ধান পড়ে আছে, অন্যদিকে ধান কাটতে আসা শ্রমিকদের হাতে কাজ নেই। ফসল ঘরে তোলার সময় যত পিছিয়ে যাচ্ছে, কৃষকের দুশ্চিন্তার পাশাপাশি শ্রমিকদের আয়-রোজগারের অনিশ্চয়তাও তত বাড়ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২২ হাজার ৫১৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯৫ হেক্টর বেশি। উপজেলায় আমনচাষির সংখ্যা ২৯ হাজার ৫৬০। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে আমনের ক্ষতি হয়েছে। এতে অনেক শ্রমিকও কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।



