নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার (৪ কোটি ৫০ লাখ ডলার) বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার একটি হোটেলে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বারাকা গ্রুপ ও পিআইডিজির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের এ বিনিয়োগ আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখায় পিআইডিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক দুই বছর সময় লাগবে এবং সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ হবে ২০ বছর। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে পরিচ্ছন্ন জ্বালানির অংশ বাড়ার পাশাপাশি ফটিকছড়িও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন পরিচিতি পাবে।
তথ্যসূত্র- কালের কন্ঠ ও যায়যায়দিন অনলাইন।



