চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে ঝাটিকা মশাল মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। এতে সুনির্দিষ্ট ৬৪ এবং অজ্ঞাতনামা আরোও ৮০ থেকে ৯০ জন আসামী করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান। থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন মামলাটির বাদী। এতে ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা আন্ডা মার্কেট এলাকার মো. হান্নান চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে এক নম্বর পলাতক আসামী করা হয়।
মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর রাতে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মশাল ও ইটপাটকেল নিয়ে মিছিল করার খবর পায় পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অংশ নেওয়া ব্যক্তিরা গাছ, মশাল ও ইটপাটকেল ফেলে পালিয়ে যান। পরে রাতে পাইন্দং-এর হাইদচকিয়ায় একই কর্মকাণ্ডের খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল ও ইটের ভাঙা অংশ উদ্ধার করা হয়।
এজাহারে লেখা হয়, প্রথম ঘটনাস্থল থেকে ছয়টি বাঁশের তৈরি মশাল, ১২টি ইটের ভাঙা অংশ ও তিনটি গাছের টুকরা উদ্ধার এবং দ্বিতীয়স্থল থেকে আরও পাঁচটি মশাল ও ছয়টি ইটের ভাঙা অংশ জব্দ করা হয়। দুই দফায় মোট ১১টি মশাল, ১৮টি ইটের ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা পায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘নাশকতা চেষ্টার অভিযোগে মামলাটি রুজু হয়। আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।’



