৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীছড়ি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

লক্ষ্মীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত রচনা প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের অডিটরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, লক্ষ্মীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার।

এরপর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীছড়ি সরকারি কলেজ, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়। এতে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের ৬৬ জন, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫২ জন এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ জনসহ মোট ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশে দেশপ্রেম, শৃঙ্খলা, নৈতিকতা এবং মনোযোগী অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শিক্ষামূলক, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা ও যুবসমাজের ইতিবাচক উন্নয়নে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?