লক্ষীছড়িতে শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়কের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়টি লক্ষীছড়ি এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বাঙালি ও পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি ছাত্র হোস্টেল নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী নিরাপদে অবস্থান করতে পারবে। এছাড়াও আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি দ্বিতল বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ ভবনের মাধ্যমে ব্যবহারিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বাড়বে এবং শিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আসবে।একই সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্কুলের মূল ফটক পর্যন্ত ৫৩৫ ফুট দৈর্ঘ্যের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণকে আরও সুদৃঢ় করছে।




