ফটিকছড়িতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি সম্পর্কে মাঠ পর্যায়ের গাভী পালনকারীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক।
রোববার বিকেলে নারায়ণহাট ইউনিয়নের ধামারখীল স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রায় ২০০ জন গাভী পালনকারী ও খামারি অংশ নেন।প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিশেষজ্ঞ ডা. নিবেদিতা। এছাড়া ব্র্যাকের এরিয়া সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা এবং নির্দিষ্ট সময়ে কৃত্রিম প্রজনন নিশ্চিত করা গেলে গাভীর দুগ্ধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একই সঙ্গে রোগবালাই কমে এবং খামারির আয় বাড়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণহাট ইউনিয়নের এআই এসপি মো. ইয়াছিন। তিনি বলেন, মাঠ পর্যায়ে ব্র্যাকের এ ধরনের প্রশিক্ষণ খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালনে আগ্রহী করে তুলছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা গাভী পালনের নতুন ও কার্যকর কৌশল জানতে পেরেছেন, যা ভবিষ্যতে খামার ব্যবস্থাপনায় কাজে লাগবে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের আয় বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




