ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনখাইয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম রাজু মিয়া (১৯)। সে রিকশাচালক কবির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে তিনি ফটিকছড়িতে বসবাস করলেও তাদের স্থায়ী বাড়ি নোয়াখালিতে।
জানা যায়, সোমবার সকালে খালে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এর আগে গত ২১ জানুয়ারি রাতে রাজু নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি তার বাবা কবির হোসেন ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু সম্প্রতি প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে বৈঠকে আপাত সমাধান হলেও তার স্বজন ফিরোজ আহমেদ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২১ জানুয়ারি রাতে ফিরোজ আহমেদ অন্যান্য অভিযুক্তদের সহায়তায় রাজুকে ঘর থেকে ডেকে এনে অপহরণ করেন। এরপর পাঁচ দিন পর তার মরদেহ খাল থেকে উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



