৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

হাইকোর্টের আদেশে নির্বাচনী মাঠে সরওয়ার আলমগীর

রাজনৈতিক প্রতিবেদক


ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে আদালত তাঁর প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।


মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম। তিনি বলেন, “সরওয়ার আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায় আর কোনো বাধা রইল না। নির্বাচন কমিশন থেকে আমরা আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের চিঠি নেব।”


আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। এর আগে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।


জানা গেছে, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের পর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। এ বিষয়ে আবেদন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।


এই আইনি জটিলতার কারণে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণায় নামতে পারেননি। অপর প্রার্থীরা প্রচারণা শুরু করলেও ধানের শীষ ছাড়া মাঠ জমেনি বলে মন্তব্য করেন ভোটাররা।
এর আগে গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ স্থগিতাদেশ দেন। সে সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।


তারও আগে হাইকোর্ট সরওয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। একই দিন নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।


সর্বশেষ হাইকোর্টের আদেশে সরওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে সৃষ্ট সব আইনি জটিলতার অবসান ঘটেছে বলে মনে করছেন বিএনপি সংশ্লিষ্ট আইনজীবীরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?