৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মতবিনিময় সভায় ডিসি

‘রক্তের ঋণ শোধের সময় এসেছে, নির্বাচনই সেই সুযোগ’

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ঋণ শোধ করার এখনই সময়—এ মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়েই এই ঋণ শোধ করা সম্ভব।

মঙ্গলবার বিকেলে ফটিকছড়ি উপজেলার নতুন অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। সভার আয়োজন করে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো ধরনের আশঙ্কা, চাপ বা হুমকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না—এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। অতীতের কিছু নির্বাচনে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের দায়িত্ব আপনাদের। সীমাবদ্ধতার কাছে দেশপ্রেম যেন পরাজিত না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সক্ষমতা প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। আমরা রাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, এবার রাষ্ট্রকে দেওয়ার সময় এসেছে। ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকলেও তা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনোভাবেই প্রকাশ করা যাবে না। সভায় তিনি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং বলেন, দায়িত্বে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল এবং জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?