৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূজপুরের জনসভায়

ধানের শীষের সমর্থনে এক মঞ্চে বিএনপির তিন নেতা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি আসনে বিভাজন ভুলে ধানের শীষের সমর্থনে এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন ফটিকছড়ির তিন বিএনপি নেতা। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাউদ্দিন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী।

শনিবার সন্ধ্যায় ভূজপুর কাজিরহাট বাজারে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে তারা একত্র হন। এ সময় ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি বিএনপিতে কোনো বিভাজন নেই। ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, “ফটিকছড়ির মাটি বিএনপির ঘাঁটি। আগামী ১২ ফেব্রুয়ারি তা আবারও প্রমাণিত হবে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ঠেকানোর শক্তি কারো নেই। বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার কোটি কোটি তরুণ-তরুণী প্রথমবারের মতো ভোট দেবে, আর সেই ভোট যাবে ধানের শীষে।”

ভূজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং নাজিম উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ ছালাউদ্দিন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আহমদ হোসেন তালুকদার, রাকিবুল আলম, জাহেদুল আলম মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ছালাউদ্দিন বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন হবে। তিনি বলেন, “ধানের শীষের গণজোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়েছে।”

উদ্বোধকের বক্তব্যে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, বিএনপি ও ধানের শীষের পক্ষে আমরা সবাই এক। ভেদাভেদ ভুলে সবাই ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?