আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি আসনের গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তরুণ এই প্রার্থী।

গণসংযোগকালে রবিউল হাসান তানজিম বলেন, “ভোট মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, ভোট মানে জনগণের সেবা করার দায়িত্ব। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।”
তিনি আরও বলেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের সমস্যা সমাধান তাঁর অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় স্থানীয় ভোটাররা জানান, প্রার্থী নিজে এসে তাদের কথা শুনছেন—এতে তারা আশাবাদী। অনেকেই বলেন, এলাকার উন্নয়নে যোগ্য ও সৎ তরুণ নেতৃত্ব প্রয়োজন, যা ভোটের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। গণসংযোগে রবিউল হাসান তানজিমের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্রসহ ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ ২৬ বছর বয়সী তরুণ প্রার্থী রবিউল হাসান তানজিম। তিনি দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদের বাসিন্দা।




