৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে প্রার্থীদের সাথে ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের একমাত্র নারী প্রার্থী জিন্নাদ আকতারসহ একাধিক প্রার্থী ।

বৃহস্পতিবার দিনভর ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক সদস্য সার্সেন জেন্ডল ও ম্লেডেন কোভাসবিকে’র সঙ্গে ভার্চুয়ালি/সাক্ষাতে এই মতবিনিময় হয়।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্রার্থীদের কাছে এলাকার সার্বিক নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক দলগুলোর গণসংযোগ কার্যক্রম এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

এ সময় উপজেলার একমাত্র নারী প্রার্থীর সাথে তারা একান্ত বৈঠক করেন। বৈঠকে নারী প্রার্থীর সমস্যা, সম্ভাবনা ও সমাধান বিষয়ে কথা বলেন।

নারী প্রার্থী এডভোকেট জিন্নাত আক্তার বলেন, আইন-কানুন ও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নিয়মতান্ত্রিকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছি। নারী জনশক্তিরাও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন এলাকায় নারীরা অবমাননা ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন, যা গভীরভাবে উদ্বিগ্ন করছে। এসব বিষয় আমি তাদের জানিয়েছি। তারাও আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

পরে তারা দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সাথে দেখা করেন। তারা ৪০-৪৫ মিনিট সেখানে অবস্থান করেন।

তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও পরিকল্পনা নিয়ে ইউএনওর সাথে আলাপ করেন।

ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন,
“সেন্টারের প্রস্তুতি, রাস্তা ঘাট ঠিক আছে কিনা, মানুষজন ওইদিন চলাচলের জন্য কি যানবাহন ব্যবহার করবে, মানুষজনের আসতে অসুবিধা হবে কি-না, মাইনরিটিদের কোন চ্যালেঞ্জ আছে কিনা, প্রশিক্ষণ পর্যাপ্ত ছিল কিনা, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের মান ভালো ছিল কিনা, নিরাপত্তা রক্ষায় আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি, কোন কোন বাহিনী মোতায়েন হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত হয়েছে কিনা তারা জানতে চেয়েছেন। সব বিষয়ে আমি তাদের সন্তোষজনক জবাব দিয়েছি।

পরে তারা সব ক’জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সশরীরে/মুঠোফোনে কথা বলেন। এবং তাদের বক্তব্যের নোট নেন। বিকেলে তারা ফটিকছড়ি ত্যাগ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?