নানা জটিলতা কাটিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে নিয়োগ পরীক্ষার কয়েকটি কেন্দ্র হঠাৎ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এএইচএম এহছানুল হক মিলন। তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো—লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, সরকারি বাংলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান পদে কেন্দ্রীয়ভাবে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগে এসব পদে নিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেওয়া হতো, যেখানে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।



