ঈদ সামনে রেখে একটু বাড়তি আয়ের আশায় রাতভর কাজ করছিল কিশোর মোহাম্মদ রাসেল (১৭)। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন আর পূরণ হলো না। চট্টগ্রামের মিরসরাইয়ে ফিড মিলের মেশিনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে।
মঙ্গলবার ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার নাহার অ্যাগ্রো ফিড মিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রিকের কাজের পাশাপাশি ঈদ উপলক্ষে কিছু টাকা জমানোর জন্য কয়েকদিন ধরে রাতে ফিড মিলে কাজ করছিল রাসেল। সোমবার গভীর রাতেও অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল সে। একপর্যায়ে ভুট্টা সংরক্ষণের সাইলোতে কাজ করার সময় হঠাৎ ভেতরে তলিয়ে যায় রাসেল।
সহকর্মী মোহাম্মদ রাব্বি জানান, “আমরা একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ রাসেল সাইলোতে দেবে যায়। আমি তাকে টেনে তোলার চেষ্টা করি, কিন্তু পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাহার অ্যাগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, রাতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় একজন শ্রমিক মেশিনে আটকে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।



