রাউজানে এবার ধানক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

রাউজান প্রতিবেদক

নিহত স্বপন বড়ুয়া (৫২)

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর স্বপন বড়ুয়া (৫২) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত স্বপন বড়ুয়া স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। তিনি কদলপুর ইউনিয়নের বাসিন্দা। যে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বপন বড়ুয়ার মোবাইল ফোনে একটি কল আসে। পরে তিনি পরিবারের সদস্যদের জানান, পাশের একটি দোকানে একজন তাকে ডাকছেন। এ কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। রাতভর স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।


বুধবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্বজনদের দাবি, নিহতের কপাল, নাক, হাত ও পিঠে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত বলেন, “স্বপন বড়ুয়াকে সন্ধ্যায় ঘর থেকে ডেকে নেওয়া হয়েছিল। পরে তার মরদেহ পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানাই।”


তবে পুলিশ বলছে, শরীরের আঘাতের চিহ্নগুলো অন্য কারও হামলার কারণে হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ফলে বিষপানের পর ছটফট করতে গিয়ে কিংবা পাশের টিউবওয়েলে আঘাত লেগে এসব জখম হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খোরশেদ বলেন, “শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানের পর ছটফট করতে গিয়ে এসব আঘাতের সৃষ্টি হয়েছে। তাকে ঘর থেকে ডেকে নেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?