হালদায় আবারও নমুনা ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও মা মাছের ডিম ছাড়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) নদীর বিভিন্ন অংশে জেলেরা অল্প পরিমাণে নমুনা ডিম সংগ্রহ করেছেন। তবে ডিমের মোট পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা মাছ ডিম ছাড়লেও নদীতে ডিম সংগ্রহকারী নৌকার সংখ্যা ছিল অত্যন্ত কম। পুরো নদীজুড়ে মাত্র ২০ থেকে ৩০টি নৌকা ডিম সংগ্রহে অংশ নেয়। এ কারণে চলতি সময়ে ডিমের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর কিছু অংশে ছড়িয়ে-ছিটিয়ে ডিম পাওয়া গেছে। সংগ্রহ করা ডিমের মধ্যে রুইজাতীয় মাছের ডিম থাকার সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নমুনা পরীক্ষা করে প্রজাতি ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য দেবেন।

হালদা নদী বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার প্রাকৃতিক নদী, যেখানে সরাসরি কার্পজাতীয় মাছ (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) ডিম ছেড়ে থাকে। প্রতিবছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে নির্দিষ্ট আবহাওয়া, বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও বজ্রপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে মা মাছ ডিম ছাড়ে।

তবে, গত ১ মে হালদা নদী থেকে প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। মৎস্য বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২৫০টি নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা দুই দফায় এই ডিম সংগ্রহ করেন।

হালদা গবেষক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদায় আবারও নমুনা ডিম পাওয়া গেছে। তবে ডিমের পরিমাণ খুব বেশি নয়। সংগ্রহ ও ফুটানোর পরই প্রকৃত উৎপাদনের চিত্র জানা যাবে। এজন্য এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করার সুযোগ নেই।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?