চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন–এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ ঠিকাদাররা।
রোববার সকালে চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি কার্যালয়ে জড়ো হন বিভিন্ন প্রকল্পের ঠিকাদাররা। এ সময় কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় পরে কার্যালয়ের নিচে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর জুন মাসে অর্থবছর শেষ হওয়ার আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল পরিশোধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক প্রকল্পে জুন ও ডিসেম্বর মাসে বরাদ্দ আসে। এ অবস্থায় নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির মধ্যেও ঠিকাদাররা ঋণ নিয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করেন এবং নির্ধারিত সময়ে বিল পাওয়ার প্রত্যাশা করেন।
তাঁদের দাবি, চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিভিন্ন অজুহাতে বিল পরিশোধে গড়িমসি করছেন এবং মনগড়া নিয়মের মাধ্যমে ঠিকাদারদের হয়রানির মধ্যে ফেলছেন। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন।
বক্তারা আরও বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী। অথচ নির্বাহী প্রকৌশলীর কর্মকাণ্ডের কারণে ঠিকাদারদের সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রাম থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এ সময় বক্তব্য দেন আসাদুজ্জামান টিটু, সাইফুল আলম, জামমেদুল আলম, শাহ জব্বার টিটু, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সুমন ও মৌলভী দিদারসহ অন্যরা।



