ফটিকছড়ির ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা;

পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। একটি গাছ একটি প্রাণের মতো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাল লাগাতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতন সমাজ গঠনে খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার (২২ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি-৯৮ ব্যাচের সহযোগীতায় হলরুমে আয়োজিত অনুষ্ঠানের একটি পর্ব ‘বিতর্ক প্রতিযোগীতায়’ প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এসব কথা বলেন।

ইউএনও আরোও বলেন, আজকের বিতার্কিকেরাই আগামী দিনে দেশ গড়ে তুলবেন। এ জন্য এখন থেকেই তাঁদের তৈরি করতে হবে। নিজের দেশ ও সমাজকে ভালোবাসতে হবে। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার বিতর্ক। জ্ঞান-বিজ্ঞানের চর্চার মাধ্যমে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন।

প্রতিযোগিতায় নবম শ্রেণির তার্কিক দল চ্যাম্পিয়ন এবং রানারআপ সপ্তম শ্রেণি। বিভিন্ন শ্রেণির শিক্ষার্র্থীদের নিয়ে ছয়টি ইভেন্টে ৩৬ জন শিক্ষার্থী এতে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে। 

দুপুরে চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু রক্ষায় জনগনের ভূমিকাই মূখ্য’। বিজয়ী দলে ছিলেন তাসনিয়া তাবাস্সুম আনিসা, মাইশা ইসলাম, ফাইরোজ জান্নাত ইসরা, ওয়াহিদা নেজাম ফারিহা এবং রানার্সআপ দলে জান্নাতুল ওয়াসিফা, নয়ন মণি, তাসনিম সিদ্দিকা তাসপিয়া ও আলিফা বিনতে ফয়েজ।

এরআগে সকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে স্কাউট দলের সদস্যরা বরণ করেন এবং  বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরাম উল্লাহর সভাপতিত্বে এতে বিচারকের দায়িত্ব পালন করেন নানুপুর নায়লা কবির কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ সরোয়ার, মো. রবিউল হোসেন ও ফারজানা ইয়াসমিন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জনে বিতর্ক সহায়ক ভূমিকা রাখে। এজন্য বিতর্কের চর্চার বিকল্প নেই।’

সাংবাদিক আহমদ আলী চৌধুরী বলেন, ‘এ দেশের তরুণেরা অনেক বেশি সৃজনশীল ও মেধাবী। তাঁরাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।’

বিচারক নানুপুর নায়লা কবির কলেজের প্রভাষক মো. রবিউল হোসেন বলেন, ‘এটি শুধু বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশসহ নানা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বাস্তবায়ন করা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক এস এম আক্কাছ, সোলাইমান আকাশ, মোহাম্মদ ইউসুফ আরফাত, মোহাম্মদ তৈয়ব, গিয়াস উদ্দীন ও মিন্টু কুমার রায় বক্তব্য দেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবর্গ। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি, নাচ ও বিভিন্ন পরিবেশনায় শিক্ষার্থীরা অতিথিদের মুগ্ধ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকেরা বলেছেন, প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হওয়া এই উৎসব শিক্ষার্থীদের প্রাণে প্রাণে মিলেছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহ দিতেই এ আয়োজন করা। তারা অনুষ্ঠানে সময় দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?