তওবার পর মুক্তি যুবকের

মোবাইল চুরির অভিযোগে ১০০ রাকাত নফল নামাজ

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম (৩৫)-এর বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে অভিযুক্তকে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। এ সময় তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না- এমন অঙ্গীকার নেওয়া হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। শাস্তির পরিবর্তে তাকে সংশোধনের সুযোগ দিতেই তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা উচিত।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?