চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের জন্য যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। আগামী রবিবার (২৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে পালিত হবে। এর আওতায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক এবং বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে অবরোধ কর্মসূচিও থাকবে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল। তিনি বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে স্থাপন না করে পূর্বের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।
তিনি আরও বলেন, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর করা হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন হরতাল ও অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন ও মো. কবির, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ এবং মো. ইমাম উদ্দিন।



