হালদাভ্যালী চা-বাগান; পাহাড় আর প্রকৃতির অনন্য মেলবন্ধন

সালাহউদ্দিন জিকু

শহরের কোলাহল, যানজট আর কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাইলে এক দিনের অবকাশেই ঘুরে আসতে পারেন চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে অবস্থিত শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি টি এস্টেট। পাহাড়ের ঢালে বিস্তীর্ণ চা-বাগান, নির্মল বাতাস, পাখির কলতান আর সবুজে মোড়ানো প্রকৃতি যে কাউকেই মুহূর্তে অন্য এক জগতে নিয়ে যাবে।

চট্টগ্রাম শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে অবস্থিত এই চা-বাগানে পৌঁছাতে সময় লাগে মাত্র দেড় ঘণ্টা। নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী হয়ে ফটিকছড়ির বিবিরহাট। বিবিরহাট থেকে নারায়ণহাটের মির্জারহাট বাজার পার হলেই পথে এগোতেই চোখে পড়ে পাহাড়, বনভূমি আর গ্রামীণ জনপদের মনোরম দৃশ্য। পথের সৌন্দর্য যেন ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

হালদা ভ্যালি শুধু একটি চা-বাগান নয়, এটি সফলতারও এক অনন্য গল্প। একসময় ঝোপঝাড়ে আচ্ছাদিত, প্রায় পরিত্যক্ত এই বাগানে চা উৎপাদন ছিল শূন্যের কোটায়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শতবর্ষী বাগানটি আধুনিক পরিকল্পনা, উন্নত ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের মাধ্যমে আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে সারি সারি চা-গাছ আর কর্মচঞ্চল শ্রমিকদের ব্যস্ততায় মুখর পুরো এলাকা।

বাগানের ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজের ঢেউ। সকালবেলার শিশিরভেজা পাতায় সূর্যের আলো কিংবা বিকেলের কোমল রোদে চা-বাগানের রূপ ভ্রমণপ্রেমীদের বিমোহিত করে। প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী কিংবা পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে ইচ্ছুক সবার জন্যই এটি হতে পারে আদর্শ গন্তব্য।

হালদা ভ্যালির আরেকটি বিশেষ দিক হলো আধুনিক সেচব্যবস্থা। পাম্পের সাহায্যে পরিকল্পিতভাবে সেচ দেওয়ায় চা উৎপাদনে এসেছে নতুন গতি। এখানকার এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা দেশের অন্যান্য চা-বাগানের কাছেও অনুসরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

বাগানের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চা-পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকদের কর্মচাঞ্চল্য, দূরের সবুজ পাহাড় আর নির্মল পরিবেশ মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।

ভ্রমণে যা মাথায় রাখবেন:

বর্ষাকাল থেকে শীতকাল শেষভাগ পর্যন্ত হালদা ভ্যালি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সকালে গেলে প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, চা-বাগানের নিয়ম মেনে চলা এবং শ্রমিকদের কাজে বিঘ্ন না ঘটানো প্রত্যেক দর্শনার্থীর দায়িত্ব।

সবুজে মোড়া পাহাড়, শতবর্ষী চা-বাগানের ইতিহাস, আধুনিক চা চাষের সফলতা আর প্রকৃতির নির্মল আবেশ- সব মিলিয়ে হালদা ভ্যালি টি এস্টেট এখন উত্তর চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। অল্প সময়ের অবকাশেও যদি প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে নিতে চান, তাহলে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন ফটিকছড়ির এই সবুজ স্বর্গকে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?