চট্টগ্রামের ফটিকছড়ির ইঞ্জিনিয়ার নুর আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঠিকাদার ও ব্যবসায়ী মো. আসাদুজ্জামান টিটু।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতির দায়িত্ব পান মো. আসাদুজ্জামান টিটু।
অনুমোদনপত্রে বলা হয়েছে, অ্যাডহক কমিটি নিয়মিত পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রয়োজনে শিক্ষক-কর্মচারী নিয়োগসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনারও ক্ষমতা থাকবে।
মো. আসাদুজ্জামান টিটু নাজিরহাট পৌরসভার বাসিন্দা। তিনি চট্টগ্রামের সুপরিচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনিরুজ্জামান কনস্ট্রাকশন-এর কর্ণধার। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় মো. আসাদুজ্জামান টিটু বলেন, ইঞ্জিনিয়ার নুর আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।



