চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের ঐতিহ্যবাহী দৌলতপুর আব্দুল বারী চৌধুরী (এবিসি) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
হামিদুর রহমান চৌধুরী মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র। তাঁর দাদা খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী অধুনালুপ্ত দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা ৩৫ বছর দায়িত্ব পালন করেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করেন, হামিদুর রহমান চৌধুরীর নেতৃত্বে শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির উন্নয়নকে আরও গতিশীল করবে বলেও তাদের প্রত্যাশা।
হামিদুর রহমান চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের প্রতি ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।



