আগামী ৯ আগস্ট (রোববার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকে সফল করতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্বাগত মিছিল, প্রস্তুতি সভা এবং নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকার সিএন্ডবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়াছড়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
তিনি আরও বলেন, সম্প্রতি জাফতনগরের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ি সফর করবেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে আসবেন বলে আমরা আশাবাদী।
এমপি সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফর উপলক্ষে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড। পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছেন এবং স্বাগত মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
এ সময় প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



