নাজিরহাট বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের ডিভাইস ব্যবহারে নিরুৎসাহিত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ব্যাংকার মোহাম্মদ নূর নেওয়াজ চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য ও ফটিকছড়ি প্রতিদিন সম্পাদক সাংবাদিক এস এম আক্কাছ।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূর নেওয়াজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে স্মার্টফোন আনা বন্ধে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। সময়মতো ক্লাস শুরু ও শেষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভালো ফলাফলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও বিদ্যালয়েরও গৌরব। বড় স্বপ্ন দেখার পাশাপাশি পরিশ্রম, সময়ের মূল্যায়ন ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


জৈষ্ঠ্য সাংবাদিক এস এম আক্কাছ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি যত্নবান হতে হবে এবং ডিভাইসের প্রতি আসক্তি কমাতে হবে। পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত ও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও উদ্যোক্তা হয়ে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে।


সমাবেশে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, পারভেজ সোবহান, মহিউদ্দিন, মো. মজিদুল ইসলামসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?