মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান এমপির

ফটিকছড়িতে সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ৭ কিলোমিটার ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ৭ কিলোমিটার সড়কজুড়ে ম্যারাথন র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শুধু নির্দিষ্ট এলাকায় নয়, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড ও অলিগলিতে ধারাবাহিক প্রচারণা চালানো হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ‘আজ থেকে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর- এই দুই উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণার ম্যারাথন শুরু হলো। প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও গলিতে এই প্রচারণা চলবে। আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে- সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। বিশেষ করে মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে না থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, মাদকাসক্তদের ঘৃণা না করে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর আগে নাজিরহাট ঝংকার মোড় থেকে মাদকবিরোধী র‍্যালি শুরু হয়। প্রায় ৭ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?