ফটিকছড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক

আটককৃত ব্যক্তি মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫)। ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষিজমিতে কাজ করার সময় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ঘটনাটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ননা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঞ্চননগর এলাকা থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?