ফটিকছড়ি শাহনগর স্কুলে এমপি সরোয়ার আলমগীর

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুল ছুটির আগে বা পরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কী করছে এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের প্রতি আপনাদের গভীর নজরদারিই তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সরোয়ার আলমগীর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ ও ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। পড়ালেখার পাশাপাশি তারা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে, তবে তারা মাদক বা কিশোর গ্যাংয়ের মতো কোনো বিপথে যাবে না। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ  অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন- অধ্যক্ষ নুরুল ইসলাম।

সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন শাহীন, ফরিদ চেয়ারম্যান এবং লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, বিএনপি নেতা এস এম আজিজ উল্লাহসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?