চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আহবায়ক হলেন চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ও ফটিকছড়ির কৃতী সন্তান ডা. খুরশীদ জামিল চৌধুরী।
গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তত্ত্বাবধায়ক কমিটির অন্য সদস্যরা হলেন—চট্টগ্রাম আইএএইচএসের (সাবেক ইউএসটিসি) ইএনটি বিভাগের প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিনুল হক এবং ডা. গোলাম কাদের চৌধুরী নোভেল।
ডা. খুরশীদ জামিল চৌধুরী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর জমিদার বাড়ির আবদুর রাজ্জাক চৌধুরীর ছেলে। চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের দায়িত্বও পালন করেছেন তিনি।
তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব। এছাড়া চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন, কেন্দ্রীয় বিএমএর সহসভাপতি এবং বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির গুরুত্বপূর্ণ এ দায়িত্বে ডা. খুরশীদ জামিল চৌধুরী মনোনীত হওয়ায় ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



