ফটিকছড়ির পাইন্দংয়ের পর এবার লেলাংয়ে ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক

চোরের দল ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। যাওয়ার সময় ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে রেখে গেছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। পাইন্দংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও সুন্দরপুরে মন্দিরে চুরির পর এবার লেলাং ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার দারগ আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল ওই বাড়ির ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। আলমগীর হোসেন বাহাদুর লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেনের বড় ভাই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে একদল চোর ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমিরার তালা ভেঙে সেখানে থাকা প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায় চোরের দল।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, ‘গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে চোরের দল ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ঘরের জিনিসপত্রও তছনছ করে রেখে গেছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘চুরির ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, সোমবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটে।

এ ছাড়া গত শুক্রবার রাতে পাইন্দং ইউনিয়নের যুগিনীঘাটা এলাকায় নুরুল আলম ফোরম্যানের বাড়ির খোরশেদুল আলমের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাত দল সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?