খাগড়াছড়ির রামগড়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের জব্দ করা বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান। এ ছাড়া রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম এবং যামিনীপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।



