ফটিকছড়িতে চাকমা পরিবারের তিন সদস্যসহ চারজনের ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় একই চাকমা পরিবারের তিন সদস্যসহ চারজন বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) ভূজপুরের আবু বক্কর সিদ্দিক (রা.) বালক-বালিকা মাদ্রাসার জামে মসজিদে জোহরের নামাজের পর পবিত্র কালিমা পাঠের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় তাদের কালিমা পাঠ করান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দাতা সংস্থা এহইয়াচ্ছুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা শেখ হোসাইন মুহাম্মদ শাহজাহান।

ইসলাম গ্রহণকারীরা হলেন— পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকার বাসিন্দা শিমুল কান্তি চাকমা (৩০), ইসলাম গ্রহণের পর নাম মুহাম্মদ ইউসুফ; তাঁর স্ত্রী মিনা চাকমা (২৫), নতুন নাম আয়েশা বেগম; ছেলে সুদত্ত চাকমা (৩), নতুন নাম মুহাম্মদ আবদুল্লাহ এবং তাঁদের প্রতিবেশী জীবন চাকমা (২৪), নতুন নাম মুহাম্মদ। জানা গেছে, জীবন চাকমার মা-বাবাও এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে ফটিকছড়ির হেয়াকো এলাকায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুহাম্মদ ইউসুফ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার ভূজপুর ইউনিয়নের আজিমপুর এলাকায় প্রায় দুই বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি স্থানীয় একটি মুরগির খামারে কাজ করেন। তাঁর পাশের খামারে কাজ করেন মুহাম্মদ।

তাঁদের ভাষ্য অনুযায়ী, খামার মালিক আইয়ুব হাসান ও শাহদাত হোসেন চৌধুরীর কাছে তাঁরা আল্লাহ, রাসুল (সা.) এবং কোরআন-হাদিস সম্পর্কে জানতে চান। একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথাও জানান। পরে খামার মালিকেরা তাঁদের ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত বিভিন্ন বই পড়তে দেন।

পরবর্তীতে তাঁরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তের কথা জানালে বুধবার শিশুসহ চারজন মসজিদে উপস্থিত হন। সেখানে পবিত্র কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

এ সময় নওমুসলিমরা সুস্থ মস্তিষ্কে, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনায় প্রভাবিত না হয়ে বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্তের কথা উপস্থিত সবার সামনে জানান।

এসময় জামেয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাহেদুল্লাহ্ বিন হাজী ইউনুস, মুফতি মিজানুর রহমান ইসলামাবাদী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আইয়ুব ও ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?