ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, ‘রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা এগিয়ে যাই। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স এক দিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশকে খবর দিই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে। ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



