চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক যুবক। হামলার পর রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে আসেন বেলাল। লাইভে তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। এ সময় তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসু নামের এক ব্যক্তির ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন।
এ ঘটনায় মো. আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা আদিনগর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের অভিমত, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করার অধিকার কারও নেই। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে ছুরিকাঘাত করার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



